
ইন্দোর, ১৯ জুন (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়া এক ছাত্রীর বহুতলের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নিউ বার্গ কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে এমওয়াই হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অবন্তিকা মৌর্য। তিনি নিউ বার্গ কলোনির একটি আবাসনের প্রথম তলায় ভাড়া থাকতেন এবং সেখান থেকেই নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ মোবাইলে কথা বলতে বলতে তিনি বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন। পরে কথা বলতে বলতেই ভবনের উপরের তলাগুলির দিকে যান। কিছুক্ষণ পর চারতলা থেকে পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন।
গুরুতর জখম অবস্থায় অবন্তিকাকে তাঁর বাবা ডা. বংশীলাল মৌর্য প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে এমওয়াই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শুক্রবার ভোর প্রায় পাঁচটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, অবন্তিকা ইন্দোরে তাঁর দিদির সঙ্গে থাকতেন। তাঁর দিদি পেশায় চিকিৎসক এবং বাবা ডা. বংশীলাল মৌর্যও একজন চিকিৎসক। পরিবারের বাড়ি ধার জেলায়। সম্প্রতি এমওয়াই হাসপাতালে প্রশিক্ষণের কাজে ডা. মৌর্য ইন্দোরে এসেছিলেন।
পুলিশকে দেওয়া বয়ানে ডা. মৌর্য জানিয়েছেন, ঘটনার সময় তিনি ফ্ল্যাটের ভিতরেই ছিলেন। অবন্তিকা কীভাবে চারতলায় পৌঁছেছিলেন এবং কী পরিস্থিতিতে নিচে পড়ে যান, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। ঘটনার সময় তিনি কার সঙ্গে মোবাইলে কথা বলছিলেন, তাও এখনও জানা যায়নি।
পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ছাত্রীর মোবাইল ফোন, কল ডিটেল রেকর্ড (সিডিআর) এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য