
নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে চারটি বিশেষ ট্রেনের পরিষেবা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর রেলওয়ে। ট্রেনগুলি আগের কোচ বিন্যাস, সময়সূচি ও নির্ধারিত স্টপেজ বজায় রেখেই চলাচল করবে।
উত্তর রেলওয়ে জানিয়েছে, শকুরবস্তি–সাহারানপুর জংশন রুটের বিশেষ ট্রেন (নং ০৪৪২৭), যার পরিষেবা ২০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল, তা বাড়িয়ে ২১ জুন পর্যন্ত চালানো হবে এবং অতিরিক্ত একটি ট্রিপ পরিচালিত হবে।
একইভাবে সাহারানপুর জংশন–শকুরবস্তি বিশেষ ট্রেন (নং ০৪৪২৮) ২১ জুনের পরিবর্তে ২২ জুন পর্যন্ত চলবে এবং অতিরিক্ত একটি ট্রিপ দেবে।
এছাড়া শকুরবস্তি–সাহারানপুর জংশন বিশেষ ট্রেন (নং ০৪৪২৯)-এর পরিষেবাও ২০ জুনের পরিবর্তে ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সেটিও একটি অতিরিক্ত ট্রিপ পরিচালনা করবে।
অন্যদিকে সাহারানপুর জংশন–নয়াদিল্লি বিশেষ ট্রেন (নং ০৪৪৩০), যা ২০ জুন পর্যন্ত চলার কথা ছিল, সেটিও ২১ জুন পর্যন্ত এক অতিরিক্ত ট্রিপের মাধ্যমে পরিষেবা দেবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পুনঃনিট পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দিল্লি, শকুরবস্তি ও সাহারানপুর অঞ্চলের পরীক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে আরও সুবিধা পাবেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য