অর্কেস্ট্রা দলে কাজের টোপ, উত্তর প্রদেশে পাচারের আগে উদ্ধার পশ্চিমবঙ্গের দুই নাবালিকা
কলকাতা, ১৯ জুন (হি.স.): মানব পাচার রোধে বড় সাফল্য। কলকাতা টার্মিনাল রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে অভিযুক্ত এক মহিলা পাচারকারীর কবল থেকে পশ্চিমবঙ্গের দুই নাবালিকা বোনকে উদ্ধার করা হলো। আরপিএফ-এর সহায়তায় এই উদ্ধার অভিযানে অগ্রণী ভূমিকা নেয় স্বেচ্ছা
অর্কেস্ট্রা দলে কাজের টোপ, উত্তর প্রদেশে পাচারের আগে উদ্ধার পশ্চিমবঙ্গের দুই নাবালিকা


কলকাতা, ১৯ জুন (হি.স.): মানব পাচার রোধে বড় সাফল্য। কলকাতা টার্মিনাল রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে অভিযুক্ত এক মহিলা পাচারকারীর কবল থেকে পশ্চিমবঙ্গের দুই নাবালিকা বোনকে উদ্ধার করা হলো। আরপিএফ-এর সহায়তায় এই উদ্ধার অভিযানে অগ্রণী ভূমিকা নেয় স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি অ্যাকশন (এভিএ) এবং বিটান ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যাওয়ারনেস অ্যান্ড নেটওয়ার্কিং (বিটান)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত পাচারকারী ১৫ ও ১৭ বছর বয়সি দুই নাবালিকা বোনকে পূর্বাঞ্চল এক্সপ্রেসে করে বিহারের সিওয়ানে নিয়ে যাচ্ছিল। সেখান থেকে তাদের উত্তর প্রদেশের কুশীনগরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ছোট বোনকে অর্কেস্ট্রায় কাজ দেওয়ার টোপ দেওয়া হয়। আর বড় বোনকে প্রলোভন দেখানো হয় গৃহকর্মীর কাজ দেওয়ার। অভিযুক্ত মহিলা পাচারকারীকে আটক করে রেল পুলিশ তদন্ত করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া দুই নাবালিকা যথাক্রমে অষ্টম ও একাদশ শ্রেণী পর্যন্ত পড়ে পড়াশোনায় ইতি টানে। তাদের মা কলকাতায় গৃহকর্মীর কাজ করেন। আর বাবা সন্দেশখালির একজন কৃষক। বর্তমানে কাজের জন্য অন্ধ্র প্রদেশে রয়েছেন। অভিযুক্ত মহিলা পাচারকারী ওই দুই নাবালিকার প্রতিবেশী। অভিযোগ, তাদের পরিবারের আর্থিক অসচ্ছ্বলতার সুযোগ নিয়ে সে ওই নাবালিকাদের মাকে বোঝান, উত্তর প্রদেশে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দেবে। তবে কী ধরণের কাজ এবং প্রকৃত কোথায় নিয়ে যাওয়া হবে, সেই তথ্য নাবালিকাদের পরিবারের কাছে গোপন রেখেছিল বলে অভিযোগ।

এভিএ এবং বিটানের মাঠপর্যায়ের কর্মীরা কলকাতা টার্মিনাল রেলওয়ে স্টেশনে দুই কিশোরীকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত মহিলা পাচারকারী নাবালিকাদের সঙ্গে তার সম্পর্ক এবং তাদের যাত্রার উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। পরে সে জানায়, কুশীনগর জেলার তারয়া সুজন এলাকায় বান্টি বাবলি রেকর্ডিং প্রোগ্রাম নামে একটি অর্কেস্ট্রা দলে তাদের কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছিল। তারপরেই তাদের হস্তক্ষেপে উদ্ধার করা হয় দুই নাবালিকা বোনকে।

উল্লেখ্য, এভিএ এবং বিটান হলো জাস্ট রাইটস ফর চিলড্রেন (জেআরসি)-এর সহযোগী সংস্থা। জেআরসি ভারতের বৃহত্তম শিশু অধিকার সুরক্ষা এবং শিশু পাচার ও শোষণ প্রতিরোধ নিয়ে কাজ করা নেটওয়ার্ক, যার সঙ্গে ২৫০-রও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) যুক্ত রয়েছে।

কিশোরীদের উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করে শুক্রবার জাস্ট রাইটস ফর চিলড্রেন (জেআরসি)-এর জাতীয় সমন্বয়কারী রবি কান্ত বলেন, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই এমন মানব পাচার চক্রগুলির লক্ষ্যবস্তু, যারা দরিদ্র ও অসহায় পরিবারের সুযোগ নিয়ে থাকে। অল্পবয়সি মেয়েদের প্রায়ই চাকরি এবং আর্থিক নিরাপত্তার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করা হয়। পরে তাদের শোষণ, নির্যাতন এবং বহু ক্ষেত্রে অর্কেস্ট্রায় কাজের আড়ালে যৌন শোষণের মতো পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়। এটি শিশু অধিকার লঙ্ঘনের একটি গুরুতর ঘটনা, যার মোকাবিলায় দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি। সরকারি সংস্থাগুলির বাড়তি সতর্কতা, নাগরিক সমাজের সংগঠনগুলির উদ্যোগ এবং সচেতনতামূলক কার্যক্রম একসঙ্গে প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সাহায্য করছে। এ ধরনের মানব পাচারের ঘটনা রোধে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande