কর্নাটকের নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করতে দিল্লিতে ডি কে শিবকুমার ও সিদ্দারামাইয়া
নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : কর্নাটকে নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভাকে চূড়ান্ত রূপ দিতে দিল্লিতে রয়েছেন ডি কে শিবকুমার এবং কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে
হোটেল থেকে বের হওয়ার সময় সিদ্দারামাইয়ার সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও সাক্ষাৎ


নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : কর্নাটকে নতুন সরকার গঠন এবং মন্ত্রিসভাকে চূড়ান্ত রূপ দিতে দিল্লিতে রয়েছেন ডি কে শিবকুমার এবং কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে মন্ত্রিসভা গঠন এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নিয়োগ নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার দিল্লিতে হোটেল থেকে বের হওয়ার সময় সিদ্দারামাইয়ার সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও সাক্ষাৎ হয়। এ সময় সাংবাদিকরা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।

সূত্রের খবর, আলোচনার জন্য ডি কে শিবকুমার সম্ভাব্য মন্ত্রীদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষে সেই তালিকা চূড়ান্ত করা হবে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১০ থেকে ২০ জন মন্ত্রী শপথ নিতে পারেন।

দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, কর্নাটকে নতুন সরকার গঠনের অধিকাংশ বিষয়েই ইতিমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। আগামী এক থেকে দু’দিনের মধ্যেই বেঙ্গালুরুতে ডি কে শিবকুমারের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। ওই অনুষ্ঠানেই মন্ত্রিসভার প্রথম দফার সদস্যদেরও শপথবাক্য পাঠ করানো হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande