তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রিপল
আসানসোল, ২ জুন (হি.স.) : সরকারি যোজনার ত্রিপল আত্মসাৎ ও কেলেঙ্কারির অভিযোগে আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গরীব ও দুস্থদের দেওয়ার জন্য সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে অনিয়মে
তরুণ চক্রবর্তী (ফাইল ফটো)


আসানসোল, ২ জুন (হি.স.) : সরকারি যোজনার ত্রিপল আত্মসাৎ ও কেলেঙ্কারির অভিযোগে আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গরীব ও দুস্থদের দেওয়ার জন্য সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে আসানসোল উত্তর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে প্রামাণ্য তথ্য মেলার পর তরুণ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে, যা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের বিতরণের জন্য দেওয়া হয়েছিল।

তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারিকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। বিজেপি সহ বিরোধী দলগুলি এই ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে। শুধু ত্রিপল কাণ্ডই নয়, এলাকা জুড়ে কয়লা, বালি এবং জমি মাফিয়াদের ব্যবসার সঙ্গে ওই কাউন্সিলরের কোনও যোগসূত্র রয়েছে কি না, পুলিশ এখন তা-ও খতিয়ে দেখছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande