
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): ছুরির আঘাতে খুন হলেন এক যুবক। এমনই অভিযোগ উঠলো দেশের জাতীয় রাজধানীতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে, দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের নিউ উসমানপুর এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম ললিত (২৬)। তিনি দিল্লির ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ললিতকে রাস্তায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর দেহে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে ললিতকে খুন করা হলো, তা এখনও স্পষ্ট নয়। ঘাতকদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সময় সেখানে কেউ উপস্থিত ছিল কি না, তা জানতে স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ