
বাদুড়িয়া, ২ জুন (হি. স.): উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের পিঙ্গলেশ্বর গ্রামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্যের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে তাঁর নিজের বাড়ির একটি ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩১ মে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় পাওয়া ১২টি ব্যাটারিচালিত বর্জ্য সংগ্রহকারী টোটো গাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, তিন বছর আগে সরকারি প্রকল্পে পাওয়া ১২টি টোটোর মধ্যে মাত্র তিনটি বর্তমানে রয়েছে। বাকি নয়টি গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি করেন এলাকাবাসীরা। এ নিয়ে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগও দায়ের হয়।এছাড়াও, টোটোগুলি সরানোকে কেন্দ্র করে এক গ্রামবাসীকে মারধরের অভিযোগও ওঠে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসার পর থানায় অভিযোগ জানান। ঘটনার পর প্রধান কিছুদিন পলাতক ছিলেন বলে স্থানীয়দের দাবি। সোমবার সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। পরদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, দুর্নীতির অভিযোগ এবং সামাজিক অপমানের চাপেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়