
হাফলং (অসম), ২০ জুন (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডোরের নিরিমবংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন অসম সরকারের দুই মন্ত্রী যথাক্রমে খাদ্য, গণবণ্টন, ভোক্তা বিষয়ক, আবাসন ও নগর উন্নয়ন দফতরের কৌশিক রায় এবং জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগ এবং ডিমা হাসাও জেলার অভিভাবক কৃষ্ণেন্দু পাল।
আজ শনিবার জাটিঙ্গা, রেকো, বড়মূলপই এবং দলইচোঙা এলাকায় চলমান নির্মাণ ও পুনর্নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেছেন দুই মন্ত্রী। তাঁদের সঙ্গে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবলাল গার্লোসা, বিধায়ক রূপালি লাংথাসা, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকগণ, সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার প্রতিনিধিরা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকবর্গ।
পরিদর্শনকালে মন্ত্রী কৌশিক রায় নির্মাণকাজের অগ্রগতি ও ক্ষতিগ্রস্ত অংশগুলোর পুনর্নির্মাণ কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সক্রিয় তৎপরতা ও নিয়মিত নজরদারির ফলে সড়কের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
মন্ত্রী জানান, ভূমিধসের দরুন করিডোরের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোর মেরামত ও পুনর্নির্মাণের কাজ জোরকদমে চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই এই গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হবে। ফলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
এদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ মন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন, নিরিমবংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ইস্ট-ওয়েস্ট করিডোরের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব