খুদে পড়ুয়াদের দিয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কারের অভিযোগে চাঞ্চল্য, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা
ঝাড়গ্রাম, ২০ জুন (হি.স.) : প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের দিয়ে শৌচালয়ের ছাদের উপর থাকা জলের ট্যাঙ্ক পরিষ্কার করানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের জামবনি ব্লকের ধড়সা এলাকার মুনিয়াদা প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার
খুদে পড়ুয়াদের দিয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কারের অভিযোগে চাঞ্চল্য, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা


ঝাড়গ্রাম, ২০ জুন (হি.স.) : প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের দিয়ে শৌচালয়ের ছাদের উপর থাকা জলের ট্যাঙ্ক পরিষ্কার করানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের জামবনি ব্লকের ধড়সা এলাকার মুনিয়াদা প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার সকালে ঘটনাটি সামনে আসতেই বিদ্যালয়ে ছুটে যান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিশুদের দিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ করানোর কড়া সমালোচনা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কয়েকজন পড়ুয়াকে বিদ্যালয়ের শৌচালয়ের ছাদে উঠে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে দেখা যায়। অভিযোগ, এক পড়ুয়াকে ট্যাঙ্কের ভিতরেও নামানো হয়েছিল। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী বিদ্যালয়ে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন।

অভিভাবকদের অভিযোগ, কাজ চলাকালীন শিশুদের নিরাপত্তার জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অভিভাবক হিমাংশু মাহাতো বলেন, শিশুদের ছাদে তোলা হলেও তাদের নিরাপত্তার দিকে কোনও নজর দেওয়া হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

কয়েকজন পড়ুয়ার দাবি, শিক্ষকদের নির্দেশেই তারা ওই কাজ করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের শৌচালয়ের আশপাশে ঝোপঝাড়ে ভরে রয়েছে এবং শৌচালয়ের অবস্থাও অত্যন্ত নোংরা, যা পড়ুয়াদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

অন্যদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ধ্রুব বাগচী অভিযোগ অস্বীকার করে জানান, ওই সময় শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত ছিলেন। তাঁর দাবি, কখন পড়ুয়ারা ছাদে উঠে গিয়েছিল তা তাঁদের নজরে আসেনি। বিষয়টি জানতে পেরেই সঙ্গে সঙ্গে তাদের নিচে নামিয়ে আনা হয়।

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে পড়ুয়ারা ছাদে উঠে এমন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande