
দুর্গাপুর, ২০ জুন (হি.স.) : গ্রেফতারির পর আদালতে নিয়ে যাওয়ার সময় যুব তৃণমূল নেতা শেখ আলাউদ্দিনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় শনিবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই ক্ষুব্ধ জনতা তাঁর উদ্দেশে ডিম ছোড়ে এবং 'চোর-চোর' স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুব তৃণমূল নেতা শেখ আলাউদ্দিনের বিরুদ্ধে তোলাবাজি, নির্বাচন-পরবর্তী সন্ত্রাস এবং অজয় নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ বালি পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ, তাঁর মদতেই ট্রাক্টর ও ডাম্পারে করে অবৈধভাবে বালি পাচার চলত।
স্থানীয়দের দাবি, তৃণমূল সরকারের আমলেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে ফের অভিযোগ ওঠায় শুক্রবার রাতে মহাল গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
শনিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার জন্য থানার বাইরে পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল। সেই সময় সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত তাঁকে নিরাপত্তার মধ্যে গাড়িতে তুলে নিয়ে যায়।
গ্রেফতারের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ আলাউদ্দিন দাবি করেন, তাঁকে কেন গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং নির্বাচন-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারির ঘটনা ঘটেছে। সেই তালিকায় এবার যুক্ত হল পাণ্ডবেশ্বরের যুব তৃণমূল নেতা শেখ আলাউদ্দিনের নাম।
এদিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা