
জালন্ধর, ২০ জুন (হি.স.) : বিদেশে বসে অপরাধচক্র পরিচালনাকারীদের নির্দেশে পঞ্জাবে তোলাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে জালন্ধর কমিশনারেট পুলিশ। বিশেষ অভিযানে ধৃতদের কাছ থেকে তিনটি অত্যাধুনিক পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
শনিবার পঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা বিদেশে থাকা অপরাধচক্রের মূল হোতাদের নির্দেশে কাজ করছিল। জালন্ধর ও শহিদ ভগৎ সিং নগর জেলায় একাধিক গুলিবর্ষণের ঘটনা পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে তাদের যোগসূত্রের প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি।
তদন্তকারীদের মতে, ধৃতরা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য। তোলাবাজি চালানো এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সময়মতো এই চারজনকে গ্রেফতার করায় সম্ভাব্য আরও কয়েকটি অপরাধমূলক ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জালন্ধর কমিশনারেটের ভর্গো ক্যাম্প থানায় ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের দেশ-বিদেশে ছড়িয়ে থাকা যোগসূত্র এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য