
নাগপুর, ২০ জুন (হি.স.): প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে রবিবার ফের নিট ইউজি পরীক্ষা হতে চলেছে। তার আগে শনিবার নিট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দেশজুড়ে মহড়া করা হয়। কলকাতা, গুয়াহাটি, দিল্লি-সহ দেশের সর্বত্রই নিরবচ্ছিন্ন, নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে নিট-এর পুনঃপরীক্ষার আগে সারা দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়।
দিল্লিতে নিট-এর পুনঃপরীক্ষার প্রস্তুতির বিষয়ে অশোক বিহারের জিবিএসএস স্কুল পরিদর্শনের সময় পর্যবেক্ষক বলেন, সবকিছু খতিয়ে দেখা হয়েছে এবং পরীক্ষার জন্য উপযুক্ত পাওয়া গেছে। এখানে পাঁচটি স্কুলকে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটি হলো প্রথম কেন্দ্র, এবং এখন আমাদের অন্য কেন্দ্রগুলো পরিদর্শন করতে হবে।
আগামীকালের নিট পরীক্ষা প্রসঙ্গে দেহরাদূনের পুলিশ সুপার (সিটি) প্রমোদ কুমার বলেন, আমরা পরীক্ষার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আসার সময় সুরক্ষাবলয় বা 'স্কট-ডিউটি'-র জন্য পুলিশের পাশাপাশি সিপিএমএফ (কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী)-কেও মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে নিযুক্ত করা হয়েছে। গত ৩-৪ দিন ধরে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রগুলি পরিদর্শন করছেন এবং সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ