
জয়পুর, ২০ জুন (হি.স.) : প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের পর রবিবার অনুষ্ঠিত হতে চলা রি-নিট (নিট -ইউজি 2026) পরীক্ষাকে ঘিরে রাজস্থানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ), রাজ্য সরকার, পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং জেলা প্রশাসন যৌথভাবে গোটা পরীক্ষা প্রক্রিয়া নজরদারিতে রেখেছে। রাজ্যের ২৫টি জেলায় মোট ৫৭৭টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ২ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। শুধু জয়পুরেই রয়েছে ১০৩টি কেন্দ্র।
পরীক্ষার আগের দিন শনিবার জয়পুর-সহ বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন পুলিশ, শিক্ষা দফতর ও প্রশাসনের আধিকারিকরা। নিরাপত্তা, বায়োমেট্রিক যাচাই, প্রশ্নপত্র সংরক্ষণ, সিসিটিভি নজরদারি এবং জরুরি পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখা হয়। ব্রহ্মপুরী ও মানক চক এলাকার একাধিক কেন্দ্রেও বিশেষ পরিদর্শন চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টা থেকেই সমস্ত কেন্দ্র পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। নির্দিষ্ট সময়ের পর কেন্দ্রগুলি পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। পরীক্ষাকালীন অনিয়ম রুখতে প্রতিটি কেন্দ্রে জ্যামার বসানো হয়েছে এবং সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
জয়পুর জেলা প্রশাসন জানিয়েছে, প্রশ্নপত্র তিন স্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় ব্যাঙ্কের স্ট্রং রুমে রাখা হয়েছে। এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা এড়াতে এনটিএ একাধিক সেট প্রস্তুত করেছে। পরীক্ষার দিন কোন সেট ব্যবহার করা হবে, তা চূড়ান্ত করা হবে। এর আগে বিমান বাহিনীর হেলিকপ্টারে প্রশ্নপত্র জয়পুরে আনা হয় এবং সেখান থেকে সড়কপথে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।
এনটিএ প্রতিটি পরীক্ষাকক্ষে নিজস্ব ঘড়ি বসিয়েছে। পরীক্ষার্থী বা পরীক্ষাকেন্দ্রের কর্মীরা কোনও ধরনের ঘড়ি, স্মার্টওয়াচ বা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সময় দেখার জন্য শুধুমাত্র এনটিএ-র দেওয়া ঘড়িই ব্যবহার করা যাবে।
নিরাপত্তার স্বার্থে পরীক্ষাকেন্দ্রের ৩০০ মিটারের মধ্যে সব সাইবার ক্যাফে, ই-মিত্র কেন্দ্র এবং ইন্টারনেটভিত্তিক পরিষেবা কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড়, পার্কিং এবং সন্দেহজনক গতিবিধির উপরও কড়া নজর থাকবে।
সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁস বা নকলচক্রের বিরুদ্ধে আইবি এবং স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। গত পাঁচ দিনে জয়পুরে প্রায় ৩০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জয়পুর পূর্ব জেলায় আরও পাঁচজনকে জেরা করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এক ডজনেরও বেশি ব্যক্তিকে নজরদারির তালিকায় রাখা হয়েছে। তাঁদের গতিবিধি, যোগাযোগ এবং সামাজিক মাধ্যমের কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষার পর একাধিক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার্থীদের আগাম প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে অনিয়মের ইঙ্গিত মেলায় ১২ মে পরীক্ষা বাতিল করে এনটিএ। পরে কেন্দ্রীয় সরকার ও তদন্তকারী সংস্থার পর্যালোচনার ভিত্তিতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রাম প্ল্যাটফর্মের উপর আরোপিত নিষেধাজ্ঞা ২২ জুন পর্যন্ত বহাল থাকবে। পাশাপাশি টেলিগ্রামের মেসেজ সম্পাদনার (এডিট) সুবিধাও ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরীক্ষাকালীন জরুরি চিকিৎসা পরিষেবা নিশ্চিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী, প্রশাসন এবং এনটিএ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য