
মালদা, ২০ জুন (হি. স.): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে এক শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে দিবসটির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিংহ-সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করেন এবং পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরেন। বক্তারা বলেন, পশ্চিমবঙ্গ দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন স্তরের মানুষ সেখানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্যকে স্মরণ করেন এবং রাজ্যের সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়