
গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : জাপানের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত অসম সফর লজিস্টিক সংক্রান্ত সমস্যার কারণে বাতিল করা হয়েছে। তবে তাঁর দিল্লি সফর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, গতকাল সোমবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে রাজ্যের মুখ্যসচিবকে জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিলের বিষয়ে অবহিত করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি।
মুখ্যমন্ত্ৰী বলেন, ‘বিদেশ সচিব জানিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত অসম সফর লজিস্টিক সমস্যার কারণে বাতিল করা হয়েছে। তবে তাঁর সফর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নয়াদিল্লিতে সীমাবদ্ধ থাকবে। একইসঙ্গে আমাদের আশ্বস্ত করা হয়েছে, প্রস্তাবিত বিনিয়োগ সম্মেলন উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য এক তারিখে অনুষ্ঠিত হবে।’
সাংবাদিকরা জাপানের প্রধানমন্ত্রীর সফর বাতিলের কারণ জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি সফর বাতিলের কারণ নিয়ে কোনো জল্পনা করতে চান না। তাঁর কথায়, ‘আমি পরে পরিস্থিতি মূল্যায়ন করব এবং বুঝতে চেষ্টা করব, কেন সফরটি বাতিল করা হয়েছে। এ মুহূর্তে যথাযথ তথ্য ছাড়া আমি কোনও মন্তব্য করতে চাই না।’
ড. শৰ্মা জানান, সফর বাতিলের বিষয়ে বিদেশ মন্ত্রক বিস্তারিত কোনও কারণ জানায়নি, তবে রাজ্য সরকার এ বিষয়ে স্পষ্টীকরণ চাইবে। মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘সফর বাতিলের প্রকৃত কারণ আমাদের জানানো হয়নি। আমাদের তা খতিয়ে দেখতে হবে। আমি যখন দিল্লি যাব এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করব। তখন হয়তো বিষয়টি আরও পরিষ্কারভাবে জানতে পারব।’
এ ঘটনাকে হতাশাজনক বলে মন্তব্য করে মুখ্যমন্ত্ৰী স্মরণ করিয়েছেন, ২০১৯ সালেও জাপানের প্রধানমন্ত্রীর একটি প্রস্তাবিত সফর বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। গত এক মাস ধরে জাপানি দূতাবাসের কর্মকর্তারা গুয়াহাটিতে অবস্থান করে সফরের প্রস্তুতির প্রতিটি দিক পর্যবেক্ষণ করছিলেন। হোটেল, খাবার এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থাও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছিল।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস