
চেন্নাই, ২৩ জুন (হি.স.): জনগণের সেবা করাই তাঁর কর্তব্য বলে জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর জবাবি ভাষণে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিজয় বলেন, তামিলনাড়ুর জনগণের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের সেবা করা আমাদের কর্তব্য। মতপার্থক্য থাকলেও, জনগণের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী পূর্ব-এর জনগণের প্রতি আমার ধন্যবাদ। কেউ কেউ বলেন, আমি সরাসরি সিনেমার শুটিংয়ের সেট থেকে এসে মুখ্যমন্ত্রী হয়েছি। তাদেরই ভাষায় বলতে গেলে, ওটা ছিল কেবলই 'রিল' (চলচ্চিত্রের জগৎ)। যখন আমরা একটি ফ্যান ক্লাব হিসেবে কাজ করতাম, তখনও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। ২০০৯ সালে গণ-আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছি। চলচ্চিত্রের মাধ্যমে আমরা সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। ২০১১ সালে মৎস্যজীবীদের সমর্থনে জনসভা করেছি এবং তাদের হয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। জাল্লিকাট্টু আন্দোলনের প্রতিও আমরা সমর্থন জানিয়েছি। স্টারলাইট বিরোধী আন্দোলনে আমরা ব্যক্তিগতভাবে গিয়ে সমর্থন দিয়েছি। আমরা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি ও উৎসাহরাশি প্রদান করেছি। এসব কিছুর পর আমরা 'তামিলাগা ভেট্রি কাজাগাম' গঠন করেছি। এছাড়া, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধেও আমরা বিবৃতি দিয়েছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ