
কলকাতা, ২৩ জুন (হি. স.) : কলকাতা শহরের রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হলো রাজ্য বিধানসভায়। এদিন রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ ও নোয়াখালি দাঙ্গার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে কলকাতায় আর কোনও রাস্তা বা স্থানের নাম রাখা হবে না। সেই প্রসঙ্গেই তিনি সুরাবর্দীর নাম মুছে ফেলার ইঙ্গিত দেন।মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, -“সুরাবর্দীর নাম তো থাকবে না। সুরাবর্দীর নাম থাকতে পারে না। রাখা হবে না।”সেইসঙ্গে তিনি জানান, প্রকৃত দেশভক্ত ও রাষ্ট্রনেতাদের যথাযোগ্য সম্মান জানাতে তাঁর সরকার বদ্ধপরিকর। উদাহরণ হিসেবে তিনি প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নাম উল্লেখ করেন।অতীতের নামকরণ নীতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, স্বাধীন ভারতে অত্যাচারী শাসক বা দাঙ্গায় মদতদাতাদের নামে কোনও কিছুর নামকরণ হওয়া উচিত নয়।নামকরণের প্রস্তাবগুলি পুনর্মূল্যায়নের জন্য পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত বাংলার ইতিহাস ও স্মৃতিচর্চা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত