
গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার-কুরেথা (১১.০৬ কিমি) এবং কাটিহার-সোনাইলি (১৬.২১৫ কিমি) রুটে নবনির্মিত ব্রডগেজ ডাবললাইন সেকশনে বিধিগত পরিদর্শন সম্পন্ন করেছেন কলকাতায় উত্তরপূর্ব সীমান্ত সার্কলের কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংঘল।
আজ মঙ্গলবার এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, গত ১৭ জুন ১৯ জুন পর্যন্ত পরিচালিত বিধিগত পরিদর্শন সফলভাবে সম্পন্ন হওয়ার পর সিআরএস নবনির্মিত ডাবললাইন সেকশনগুলোতে যাত্রী ও পণ্যবাহী, উভয় ধরনের ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছেন। এক্ষেত্রে মেইন লাইনে সর্বোচ্চ অনুমোদিত গতি সীমা হবে ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই সেকশনগুলো চালু হওয়ার ফলে ট্রেন চলাচল ব্যবস্থা উন্নত হবে, লাইনের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সমগ্র নেটওয়ার্ক জুড়ে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কপিঞ্জল জানান, এই সেকশনগুলো কাটিহার-কুমেদপুর এবং কাটিহার-মুকুরিয়া নতুন ডাবললাইন প্রজেক্টের অন্তর্ভুক্ত। এর লক্ষ্য এই অঞ্চলে রেলওয়ে লাইনের সক্ষমতা বৃদ্ধি ও পরিচালনগত দক্ষতা উন্নত করা।
রেলওয়ে পরিকাঠামো শক্তিশালী করার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহণ গ্রাহকদের আরও সুগম, সুরক্ষিত ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের চলমান প্রচেষ্টায় এই ডাবললাইন সেকশনগুলোর চালু হওয়া আরও একটি উল্লেখযোগ্য মাইল ফলক।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জনসাধারণকে রেলওয়ে লাইনের কাছে সতর্ক থাকতে এবং অননুমোদিত স্থানে রেলওয়ে লাইন অতিক্রম করা বা সেখানে অনধিকার প্রবেশের মতো কাজ কঠোরভাবে পরিহার করার জন্য আহ্বান জানিয়েছে। যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের শুধুমাত্র নির্ধারিত ক্রসিং পয়েন্ট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ। এর কারণ সম্পর্কে তিনি বলেন, অননুমোদিতভাবে ট্র্যাক অতিক্রম করা রেলওয়ে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং ব্যক্তিগত সুরক্ষা ও ট্রেন চলাচলের ক্ষেত্রেও গুরুতর প্রত্যাহ্বান সৃষ্টি করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস