আরামবাগে প্রাক্তন পঞ্চায়েত প্রধান গ্রেফতার, আদালতে পেশের সময় ডিম ছুড়ে বিক্ষোভ
আরামবাগ, ২৩ জুন (হি.স.): লুটপাট, বোমাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহরভ হোসেনকে সোমবার গভীর রাতে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, আরামবাগ থানার অন্তর্গত সাতমাসা এলাকায় তাঁর নিজস্ব বাড়ি থেক
আদালতের পথে ডিম থেরাপি প্রাক্তন প্রধানকে লক্ষ্য করে


আরামবাগ, ২৩ জুন (হি.স.): লুটপাট, বোমাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহরভ হোসেনকে সোমবার গভীর রাতে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, আরামবাগ থানার অন্তর্গত সাতমাসা এলাকায় তাঁর নিজস্ব বাড়ি থেকেই প্রথমে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, সহরভ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক ফৌজদারি অভিযোগ জমা পড়েছিল। তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। অবশ্য আদালতে পেশ করার আগে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এদিকে, মঙ্গলবার সকালে আদালতে নিয়ে যাওয়ার পথে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, পুলিশের গাড়ি আদালত চত্বরে পৌঁছনোর সময় সেখানে উপস্থিত কিছু ব্যক্তি সহরভ হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরবর্তীতে নিরাপত্তা আরও জোরদার করে অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনি লড়াইয়ের মাধ্যমেই আসল সত্য সামনে আসবে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande