দুর্নীতির অভিযোগ স্বীকার করে কান ধরে ওঠবস তৃণমূল নেতার
বাঁকুড়া, ২৩ জুন (হি. স.) : দুর্নীতির অভিযোগ স্বীকার করে গ্রামবাসীদের কাছে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন এক তৃণমূল নেতা। গ্রাম পঞ্চায়েতের গাছ বিক্রি করে টাকা পার্টি ফান্ডে জমা করা এবং আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া সহ বিভিন্ন দুর্নীত
তৃণমূল নেতা কান ধরে দাঁড়িয়ে


বাঁকুড়া, ২৩ জুন (হি. স.) : দুর্নীতির অভিযোগ স্বীকার করে গ্রামবাসীদের কাছে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন এক তৃণমূল নেতা। গ্রাম পঞ্চায়েতের গাছ বিক্রি করে টাকা পার্টি ফান্ডে জমা করা এবং আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরের এক দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে।

সেই অভিযোগে মঙ্গলবার গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ময়নাপুর অঞ্চল তৃণমূল সভাপতিকে ঘেরাও করে রাখেন। পরবর্তীতে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে ক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে তাঁর কান ধরে ‘ওঠবস’ করে ক্ষমা প্রার্থনা করার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গ্রামবাসীদের প্রশ্নের মুখে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই তৃণমূল অঞ্চল সভাপতিকে। তিনি স্বীকার করেন যে, দিঘিপাড় এলাকায় পঞ্চায়েতের জায়গায় থাকা গাছ কেটে বিক্রি করে ৮৯ হাজার টাকা তৃণমূলের দলীয় ফান্ডে জমা করা হয়েছিল! পাশাপাশি, তিনি বাংলার আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকেও টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ওই টাকা দলীয় নেতাদের মদ ও বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande