
মুম্বই, ২৪ জুন (হি.স.) : পদ্মভূষণ সম্মান পাওয়ার পর আবেগঘন বার্তা দিয়ে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। দীর্ঘদিন ধরে বিরল শ্রবণজনিত রোগ সেন্সরি নিউরাল হিয়ারিং লস-এ ভুগলেও অনুরাগীদের ভালোবাসা ও প্রার্থনাই তাঁকে কঠিন সময়ে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় অলকা লেখেন, পদ্মভূষণের মতো মর্যাদাপূর্ণ সম্মান নিজের হাতে গ্রহণ করা তাঁর জীবনের অত্যন্ত আবেগঘন ও গর্বের মুহূর্ত। তাঁর কথায়, এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সেই সব শ্রোতারও, যাঁরা বছরের পর বছর তাঁর গানকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন।
তিনি জানান, গত দু'বছর তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে কেটেছে। তবে অনুরাগীদের অগাধ ভালোবাসা, শুভেচ্ছা এবং সমর্থন তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। ধীরে ধীরে তিনি আবার সঙ্গীতের জগতে ফিরতে চেষ্টা করছেন এবং এই প্রত্যাবর্তন তাঁর অসংখ্য শ্রোতার জন্যও।
পদ্মভূষণ সম্মানে ভূষিত করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অলকা। তিনি বলেন, বিনম্রচিত্তে এবং গর্বের সঙ্গে এই সম্মান গ্রহণ করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে অলকা ইয়াগনিক প্রকাশ্যে জানান যে তিনি সেন্সরি নিউরাল হিয়ারিং লস-এ আক্রান্ত। এই বিরল শ্রবণজনিত সমস্যার প্রভাব তাঁর গায়কিতেও পড়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই লড়াইয়ে তিনি হার মানছেন না এবং ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও সঙ্গীতচর্চায় ফিরতে বদ্ধপরিকর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য