
শিলিগুড়ি, ২৫ জুন (হি.স.): শিলিগুড়ি সংলগ্ন সেবকে ধসের জেরে বন্ধ হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বুধবার গভীর রাতে ধস নামে ওই রাস্তায়। সেবক করোনেশন সেতু এবং সেবক কালীবাড়ির মাঝে ধস নেমেছে। ফলে, শিলিগুড়ি থেকে কালিম্পং, সিকিম যাতায়াতের ওই রাস্তায় যান চলাচল আপাতত বন্ধ। তবে সকাল থেকে ধস সরানোর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
টানা ভারী বৃষ্টির জেরে সেবকে বড়সড় ধস নামে। সেবকে শিব মন্দির সংলগ্ন ১০ নম্বর জাতীয় সড়কের একটি অংশে ধস নেমেছে। এর জেরে সকাল থেকেই বন্ধ রাস্তা। পাহাড় থেকে বড় বড় পাথর জাতীয় সড়কের উপর হুড়মুড়িয়ে নেমে আসায় রাস্তার ওই অংশ অত্যন্ত বিপজ্জনক হয়ে গিয়েছে। ধস সরানোর কাজ চলছে জোরকদমে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ