
ফরিদাবাদ, ২৫ জুন (হি.স.) : হরিয়ানার ফরিদাবাদের সেক্টর-১১ এলাকার ‘খাতির গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল’-এ বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুনে ব্যাঙ্কোয়েট হলের ভিতরে থাকা বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আচমকাই ব্যাঙ্কোয়েট হলের ভিতরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং হলের বড় অংশ তার গ্রাসে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।
প্রাথমিক তদন্তে অনুমান, হলের ভিতরে লাগানো পর্দার কাছে প্রথমে আগুন লাগে। বৈদ্যুতিক তারে শর্ট সার্কিটের জেরে পর্দায় আগুন ধরে যায় এবং সেখান থেকেই আগুন ধীরে ধীরে গোটা হলে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে ব্যাঙ্কোয়েট হলের কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং হল কর্তৃপক্ষ ও দমকল বিভাগকে খবর দেন। পরে তাঁরা ভিতরে থাকা সোফা, চেয়ার এবং অন্যান্য সামগ্রী বাইরে বের করার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক জিনিসপত্র আর রক্ষা করা সম্ভব হয়নি।
থানার ভারপ্রাপ্ত আধিকারিক (এসএইচও) রাজবীর সিং জানান, পুলিশ ও দমকল কর্মীরা যৌথভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলের পাঁচটি ইঞ্জিন টানা প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস