
শিলিগুড়ি, ২৪ জুন (হি.স.): বিহারে পাচারের আগেই শিলিগুড়িতে ভেস্তে গেল বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের ছক। বুধবার ভোরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছে আবগারি দফতর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দু’টি গাড়িকে আটক করে বাজেয়াপ্ত করা হলো কয়েক লক্ষ টাকার অবৈধ বিদেশি মদ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আবগারি দফতর সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বেঙ্গল সাফারি পার্কের কাছে গাড়ি দু’টি পৌঁছাতেই সেগুলিকে আটক করা হয়। আটক করা গাড়ি দু’টিতে তল্লাশি চালাতেই সেগুলির ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। সিকিম থেকে অবৈধ ভাবে এই বিপুল পরিমাণ মদ বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দফতর ও পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ