
জালোর, ২৪ জুন ( হি.স.): রাজস্থানের জালোরে সরু খাল থেকে উদ্ধার এক যুবক ও যুবতীর মৃতদেহ। বুধবার সকালে সাঞ্চোর থানার অন্তর্গত দেডওয়া গ্রামের কাছে সরু খাল থেকে দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে উদ্ধার হওয়া দেহদুটির কোমর একে অপরের সঙ্গে বাঁধা ছিল।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সকালে গ্রামবাসীরা তাদের দেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খাল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে খালের পাশে একটি বাইক পাওয়া গেছে । প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখলেও এখনও প্রকৃত মৃত্যুর কারণ অজানা। মৃতদেহ দুটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক