
চিতোরগড় , ২৪ জুন ( হি.স.): রাজস্থানের চিতোরগড়ে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত এক বাইক আরোহী। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , আহতের নাম ওম ভাট। পেশায় একজন সাংবাদিক । দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পলাতক অভিযুক্ত গাড়ির চালক।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহত ওম ভাট মঙ্গলবার রাতে নিমবাহেরা রোড থেকে বাইকে করে চিতোরগড়ের দিকে যাচ্ছিলেন। কৃষি বিভাগের সীতফল কেন্দ্রের সামনে একটি বেপরোয়া গতির গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা দেয় । দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ওম রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন। প্রায় পাঁচ ঘণ্টা পর জ্ঞান ফিরে পেয়ে তিনি তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে দুর্ঘটনার কথা জানান। খবর পেয়ে বন্ধুটি তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এলাকা পর্যবেক্ষন শুরু করে। পুলিশের তরফ থেকে চালককে দ্রুত খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তিপ্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক