
হুগলি , ২৪ জুন (হি.স.) :বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠল বাংলার এক রঞ্জি ক্রিকেটারের বিরুদ্ধে। এই ঘটনায় হুগলি জেলার মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। বুধবার অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্রীড়ামহল ও স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্ত ক্রিকেটার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
অভিযোগকারী তরুণীও হুগলি জেলার বাসিন্দা। বর্তমানে তিনি কর্ণাটকে চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনা করছেন। বুধবার তিনি তাঁর মায়ের সঙ্গে মগরা থানায় গিয়ে অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
তরুণীর দাবি, গত সাড়ে তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের বিষয়েও দু’জনের মধ্যে কথা হয়েছিল। তাঁর অভিযোগ, প্রায় দেড় বছর আগে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং সেই সময় বিষয়টি থানায় পৌঁছালেও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কুঁয়ার ভূষণ সিং নিজে মগরা থানায় যান। সেখানে তিনি ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার ওসি সৌমেন বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ঘটনার অগ্রগতি পর্যালোচনা করেন এবং তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
যে ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বাংলার রঞ্জি দলের সদস্য এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও খেলেছেন। বর্তমানে তিনি জেলার বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অভিযুক্ত ক্রিকেটার বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ দায়ের হয়ে থাকে, তবে তাতে উত্থাপিত সব অভিযোগই মিথ্যা। এখন পুলিশের তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সকলের।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA