
শ্রীভূমি (অসম), ২৮ জুন (হি.স.) : পোষ্য কুকুরের অকালমৃত্যুতে শোক সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শ্রীভূমির নীলমণি রোডের বাসিন্দা জনৈক দ্বৈপায়ন সেন।
জানা গেছে, দুই কুকুর মার্লি এবং সিজার অত্যন্ত আজরের ছিল দ্বৈপায়নের। কিছুদিন আগে মার্লি এবং সিজারের গুরুতর অসুখ হয়েছিল। চিকিৎসার জন্য তিনি তাদের গুয়াহাটিতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। পোষ্যদের হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্বৈপায়ন সেন।
ঘটনার দিন গভীর রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি মর্মান্তিক স্ট্যাটাস আপডেট করেন। লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি এখন মার্লি এবং সিজারের কাছে যাচ্ছি।’ এর পর কীটনাশক সেবন করে আত্মহননের পথ বেছে নেন তিনি।
পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দ্বৈপায়ন দীর্ঘদিন ধরে রাস্তার অসহায় কুকুরদের কল্যাণে কাজ করে আসছিলেন। একটি সংগঠনের ব্যানারে অসুস্থ কুকুরদের সেবা ও চিকিৎসার জন্য কাজ করাই ছিল তাঁর নেশা। এলাকায় কুকুর সংক্রান্ত যে কোনও সমস্যায় স্থানীয়রা দ্বৈপায়নের শরণাপন্ন হতেন।
দ্বৈপায়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন প্রাণবন্ত ও পশুপ্রেমী এক যুবকের অকাল প্রস্থানে স্থানীয়রা স্তম্ভিত।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস