
শ্রীভূমি (অসম), ২৮ জুন (হি.স.) : আজ রবিবার শ্রীভূমি জেলার ২ লক্ষ ৮ হাজার ২৬৪টি শিশুকে পালস পোলিও খাওয়ানোর সূচনা করা হয়েছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) লালরোহলু খিয়েংটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জাকির হুসেন, ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা. শুভাশিস দাস, জেলা টিকাকরণ আধিকারিক হানিফ মহম্মদ, জেলা কর্মসূচি ব্যবস্থাপক, এনএইচএম। এছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) বলেন, পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে ওরাল পোলিও ভ্যাকসিন (ওপিভি) প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন তাঁদের শিশুদের অবশ্যই এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসেন এবং ভারতকে পোলিওমুক্ত রাখতে জাতীয় উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ জেলার ১,০৩২টি নির্ধারিত পালস পোলিও বুথে বুথ-ভিত্তিক টিকাকরণ কর্মসূচি পরিচালিত হয়েছে। আগামীকাল সোম এবং মঙ্গলবার, দুদিন স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত দল, আশা কর্মী, এএনএম, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যে সব শিশু আজ বুথে গিয়ে টিকা নিতে পারেনি, তাদের টিকাকরণ নিশ্চিত করবেন, যাতে কোনও যোগ্য শিশু টিকাদান থেকে বাদ না পড়ে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ শ্রীভূমি জেলা সকল অভিভাবক ও অভিভাবিকাদের প্রতি আবেদন জানিয়েছে, তাঁরা যেন স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেন এবং পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী পোলিও টিকা প্রদান নিশ্চিত করেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস