
তিনসুকিয়া (অসম), ২৮ জুন (হি.স.) : উজান অসমের তিনসুকিয়ায় বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দিয়েছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-স্বাধীন’ (আলফা-স্বা)-এর সন্দেহভাজন দুই ক্যাডার এবং তাদের দুই অসামরিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন তিনসুকিয়ার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার। তিনি জানান, গ্রেফতারকৃত দুই সন্দেহভাজন আলফা (স্বা) ক্যাডার তিনসুকিয়া জেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে অতীতে কমান্ডো ক্যাম্পে হামলা এবং অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সুপারের দাবি, ওই দুই জঙ্গি তিনসুকিয়া শহরে প্রবেশ করে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো এবং গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল। তবে সময়মতো অভিযান চালিয়ে সেই হামলার পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে।
এসপি ময়ঙ্ক কুমার বলেন, ‘আমরা এই হামলার পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয়েছি। জেলাজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রাখার পশপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’
অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের কাছ থেকে দুটি একে-সিরিজের রাইফেল, ১৭২ রাউন্ড গুলি, দুটি গ্রেনেড, ব্যাকপ্যাক, জঙ্গলে অবস্থান উপযোগী সরঞ্জাম, খাদ্যসামগ্রী, ওষুধ এবং নগদ টাকা উদ্ধার করেছে।
পরবর্তী অভিযানে তিনসুকিয়া পুলিশ বিটু বরা এবং কল্প বরা নামের দুজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জঙ্গিদের লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, পানিতোলার বাসিন্দা বিটু বরার মালিকানাধীন এআর ২০ এ ৫৮৯২ নম্বরের মারুতি সুইফট ব্যবহার করে দুই আলফা (স্বা) ক্যাডার যাতায়াত করছিল। অন্যদিকে, পানিতোলারই বাসিন্দা এবং অল অসম মোটক যুব ছাত্র পরিষদের সহকারী সাধারণ সম্পাদক কল্প বরার বিরুদ্ধে জঙ্গি সংগঠনকে সহযোগিতা করার অভিযোগ আছ।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে, আলফা (স্বা)-র শীর্ষ নেতা আইসেং অসমের নির্দেশে ওই গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। ঘটনার পর তিনসুকিয়া জেলাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং জঙ্গিদের বিস্তৃত সহযোগী চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে, জানান পুলিশ সুপার ময়ঙ্ক কুমার।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস