রামনগর গ্যাস বিস্ফোরণ কাণ্ডে নিহত শুভ্রজিৎ-এর বাড়িতে কংগ্রেস প্রতিনিধিদল
আগরতলা, ২৮ জুন (হি.স.) : রামনগরের গ্যাস বিস্ফোরণ কাণ্ডে নিহত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও পদাধিক
কংগ্রেস প্রতিনিধি দল


আগরতলা, ২৮ জুন (হি.স.) : রামনগরের গ্যাস বিস্ফোরণ কাণ্ডে নিহত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও পদাধিকারীরা।

নিহতের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন কংগ্রেস নেতারা। শুভ্রজিৎ-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তাঁরা। একইসঙ্গে এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।

পরিদর্শন শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, রামনগরের এই মর্মান্তিক গ্যাস বিস্ফোরণের ঘটনায় যুবকের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। এমন ঘটনার প্রকৃত কারণ সামনে আসা অত্যন্ত জরুরি। তাই পুরো ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে দাবি জানান তিনি। পাশাপাশি, যদি কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি বিষয়গুলিও খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ্যে এলে সাধারণ মানুষের মধ্যেও আস্থা ফিরবে বলে তাঁদের অভিমত।

এদিন নিহত শুভ্রজিৎ-এর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাঁদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন কংগ্রেস নেতারা। পরিবারের সদস্যদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়ে সব ধরনের ন্যায্য দাবিতে কংগ্রেস পাশে থাকবে বলেও আশ্বাস দেন তাঁরা।

উল্লেখ্য, রামনগরে সম্প্রতি ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণের ঘটনায় শুভ্রজিৎ চৌধুরীর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি বিভিন্ন মহল থেকে জোরালো হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande