আগরতলায় বিমানবন্দর এলাকা থেকে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেফতার
আগরতলা, ২৮ জুন (হি.স.) : গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে আগরতলায় মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে দুই দফায় মোট আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত
আট বাংলাদেশি নাগরিক আটক


আগরতলা, ২৮ জুন (হি.স.) : গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে আগরতলায় মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে দুই দফায় মোট আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাজ্য মানবপাচার চক্রের সম্ভাব্য যোগসাজশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্যে থাকা নেটওয়ার্কের সন্ধানে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে এমবিবি বিমানবন্দর এলাকায় অভিযান চালায় এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযানে প্রথমে চারজন বাংলাদেশি নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক রাজ্যে প্রবেশ করেছে বলে গুরুত্বপূর্ণ তথ্য মেলে।

ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ফের বিমানবন্দর সংলগ্ন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। ওই অভিযানে আরও চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ফলে দুই দিনের অভিযানে মোট আটজন বাংলাদেশি নাগরিক পুলিশের জালে ধরা পড়েন।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সুশান্ত দেব জানান, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় আটক চারজনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কীভাবে তাঁরা সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেছে, কারা তাঁদের আশ্রয় দিয়েছে এবং রাজ্যের বাইরে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল কি না, সে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ দালালচক্র বা মানবপাচার চক্র সক্রিয় থাকতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধৃতদের মোবাইল ফোন, নথিপত্র এবং অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি জায়গায় অভিযান চালানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তদন্তকারী সংস্থা। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande