প্রতাপগড়ে তিন দিনব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচির সূচনা
আগরতলা, ২৮ জুন (হি.স.) : শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন দিবস উপলক্ষ্যে রবিবার থেকে মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তিন দিনব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আগামী
টিকাকরণ কর্মসূচি


আগরতলা, ২৮ জুন (হি.স.) : শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন দিবস উপলক্ষ্যে রবিবার থেকে মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তিন দিনব্যাপী বিশেষ টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান। স্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পোলিও প্রতিরোধের পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাকরণও সম্পন্ন করা হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন মোট ৫৮টি টিকাকরণ কেন্দ্রে শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো এবং জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতাভুক্ত অন্যান্য প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে। যেসব শিশু বিভিন্ন কারণে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে পারবে না, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওইসব শিশুকে পোলিও ড্রপ ও প্রয়োজনীয় টিকা প্রদান করবেন, যাতে কোনও শিশু এই কর্মসূচির বাইরে না থাকে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে রাজ্য সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই এই বিশেষ টিকাকরণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি জানান, মধ্য প্রতাপগড় স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন প্রায় ২১ হাজার ৩৩২টি পরিবারের মধ্যে প্রায় ৮ হাজার ৫০০ জন শিশুকে এই কর্মসূচির আওতায় এনে পোলিও ড্রপ ও প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, নির্ধারিত সময়ে শিশুদের টিকাকরণ কেন্দ্রে নিয়ে এসে পোলিও ড্রপ খাওয়ানো এবং বয়সভিত্তিক সব টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ নিয়মিত টিকাকরণ শুধু পোলিও নয়, বিভিন্ন সংক্রামক ও প্রাণঘাতী রোগ থেকেও শিশুদের সুরক্ষা প্রদান করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমও অফিসের অধিকর্তা ডাঃ সুখেন্দ্র নাথ, আইএস (সদর) প্রজিত সরকার, এমআইওএস-এর ডাঃ ধিমান শর্মা, স্বাস্থ্য দফতরের বিভিন্ন আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা। অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং সকলের সহযোগিতায় শতভাগ টিকাকরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদের মতে, কোনও শিশুই যেন পোলিও টিকা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এবারের কর্মসূচিকে আরও জোরদার করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের ব্যবস্থা গ্রহণের ফলে অধিক সংখ্যক শিশুকে এই অভিযানের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande