নগদ ৩ লক্ষ ও ৫ ভরি সোনা নিয়ে উধাও স্ত্রী, প্রেমের টানে সংসার ছাড়ার অভিযোগ
আগরতলা, ২৮ জুন (হি.স.) : আমতলি থানার অন্তর্গত সূর্যমণিনগর ১৯ কার্ড এলাকার জনৈক গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীকে প্রেমের সম্পর্কে জড়িয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ
আমতলি থানা


আগরতলা, ২৮ জুন (হি.স.) : আমতলি থানার অন্তর্গত সূর্যমণিনগর ১৯ কার্ড এলাকার জনৈক গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রীকে প্রেমের সম্পর্কে জড়িয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ এনে আমতলি থানায় মামলা দায়ের করেছেন স্বামী হাছন সরকার। অভিযুক্ত হিসেবে সূর্যমণিনগরের জয় কালী কলোনি এলাকার বাসিন্দা রাধারমন দেবের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী হাছন সরকার জানান, প্রায় নয় বছর আগে কমলাসাগর এলাকার বাসিন্দা স্বপন নমঃ-র মেয়ে রাখী নমঃ-র সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের সাত বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন সুখেই সংসার চলছিল। তবে কিছুদিন আগে থেকে তাঁর স্ত্রীর সঙ্গে রাধারমন দেবের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি জানতে পারেন।

হাছন সরকারের অভিযোগ, গত ২৫ জুন তিনি বাড়ির বাইরে থাকাকালীন তাঁর স্ত্রী রাখী নমঃ তাঁদের সাত বছরের ছেলেকে বাড়িতে রেখেই রাধারমন দেবের সঙ্গে চলে যান। শুধু তাই নয়, যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে যান।

তিনি জানান, বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে প্রথমে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না মেলায় তিনি আমতলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে বিভিন্ন সূত্রে জানতে পারেন, তাঁর স্ত্রী রাধারমন দেবের সঙ্গে স্বেচ্ছায় চলে গেছেন এবং সঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও নিয়ে গেছেন বলে অভিযোগ।

এই ঘটনার পর তিনি আমতলি থানায় রাধারমন দেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাছন সরকার আরও গুরুতর অভিযোগ করেন, অভিযুক্ত রাধারমন দেব এলাকায় একজন প্রভাবশালী ভূমি ব্যবসায়ী। তার দাবি, রাধারমন দেব বিভিন্ন সময়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, জমি কেনাবেচায় অনিয়ম এবং প্রভাব খাটানোর মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যদিও এই অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি এ বিষয়ে অভিযুক্ত রাধারমন দেবের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সাত বছরের শিশুটিকে নিয়ে চরম মানসিক ও পারিবারিক সংকটের মধ্যে রয়েছেন বলে দাবি করেছেন হাছন সরকার। তিনি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, স্ত্রী ও নিয়ে যাওয়া সম্পত্তির সন্ধান এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের পরই প্রকৃত ঘটনা সামনে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande