অরুণাচলে একাধিক সংস্থার যৌথ অভিযানে উদ্ধার নদীর চরে আটকে পড়া চারজন
ইটানগর, ২৯ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার অন্তর্গত ডামবুকের কাছে ফুলেফেঁপে ওঠা সিসিরি (সিসার) নদীর চরে রাতভর আটকে পড়া চারজনকে আজ সোমবার বহু সংস্থার যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চারজন যথাক্রমে রেমি গ্রা
নদীতে একাধিক সংস্থার যৌথ উদ্ধার অভিযান


ইটানগর, ২৯ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার অন্তর্গত ডামবুকের কাছে ফুলেফেঁপে ওঠা সিসিরি (সিসার) নদীর চরে রাতভর আটকে পড়া চারজনকে আজ সোমবার বহু সংস্থার যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চারজন যথাক্রমে রেমি গ্রামের গেরাম লেগো এবং ডামবুক অঞ্চলের তাপাত (ইয়াপগো) গ্রামের আবোম তায়েং, মাকসাম পার্টিন ও মিটোম বোরাং।

সরকারি সূত্রে জানা গেছে, গতকাল রবিবার জীবিকার টানে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরতে নদীতে গিয়েছিলেন ওই চারজন। কিন্তু হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তাঁরা নদীর চরে আটকে পড়েন। গতকালই উদ্ধার অভিযান শুরু হলেও প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার দরুন তা স্থগিত করতে হয়। ফলে তাঁদের গোটা রাত নদীর চরেই কাটাতে হয়েছে।

আজ সোমবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে সফলভাবে চারজনকেই ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ডামবুকের বিধায়ক পুইনিও আপুম। অভিযানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), স্থানীয় রাফটিং দল ‘জাকতুম নটকো’, স্থানীয় হাতির মালিকগণ এবং ভারতীয় বায়ুসেনা অংশগ্রহণ করে।

উদ্ধার অভিযান সফল হওয়ার পর বিধায়ক পুইনিও আপুম সংশ্লিষ্ট সব সংস্থাকে তাঁদের সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, দিন-রাত একটানা কঠোর উদ্ধার অভিযানের পর চারজনকেই নিরাপদে উদ্ধার করে তাঁদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত করা সম্ভব হয়েছে। অভিযানে অংশগ্রহণকারী প্রতিটি দলের সাহস, নিষ্ঠা ও দৃঢ় সংকল্পের ফলেই এই সাফল্য এসেছে।

বিধায়কের আহ্বান, বর্ষাকালে ৪২ নম্বর ডামবুক বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যেন সর্বদা সতর্ক থাকেন, ভারী বৃষ্টির সময় কোনওভাবেই নদীতে না নামেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande