
হুগলি, ৩০ জুন (হি.স.): প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার দায়ের হলো মামলা। বুধবার তাঁকে শ্রীরামপুর থানায় তলব করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার শ্রীরামপুর থানায় তাঁকে হাজিরার জন্য তলব করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার যখন এনআইএ-র তরফ থেকে তাঁর স্বামী তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে আগে থেকেই বিক্ষোভ চলছিল। সেগুলি মূলত অপরূপা পোদ্দারের অনুগামীরাই চালাচ্ছিলেন বলে অভিযোগ। যখন তাঁর স্বামীকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেইসময় অপরূপা পোদ্দার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ও পুলিশকে ধাক্কা দেন বলে অভিযোগ। সেই কারণেই অপরূপার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁকে বুধবার শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ