
আরামবাগ , ৩০ জুন (হি.স.): আরামবাগে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের গোডাউন থেকে তাজা বোমা ও লক্ষাধিক টাকা উদ্ধার। চাঞ্চল্য হুগলির আরামবাগের আরান্ডী এলাকার পুড়া বাজারে। প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান সোহরাব হোসেনের একটি গোডাউনে অভিযান চালিয়ে তাজা বোমা ও লক্ষাধিক টাকা উদ্ধার করেছে আরামবাগ পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই গোডাউন নিয়ে তাঁদের সন্দেহ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গোডাউনে তল্লাশি চালায়। অভিযানের সময় গোডাউনের ভিতর থেকে একাধিক তাজা বোমা এবং লক্ষাধিক টাকা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সোহরাব হোসেন ইতিমধ্যেই গ্রেফতার হয়ে পুলিশ হেফাজতে রয়েছেন। এর মধ্যেই তাঁর গোডাউন থেকে বিস্ফোরক ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেছে এবং নগদ টাকার উৎস খতিয়ে দেখছে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA