
চেন্নাই, ২৯ জুন (হি.স.) : তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করে সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কারুর কেন্দ্রের এআইএডিএমকে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এম. আর. বিজয়ভাস্কর। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ জে. সি. ডি. প্রভাকর। এর ফলে তামিলনাড়ু বিধানসভায় শূন্য আসনের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।
সোমবার এম. আর. বিজয়ভাস্কর সচিবালয়ে গিয়ে বিধানসভার অধ্যক্ষের হাতে নিজের ইস্তফাপত্র জমা দেন। বিধানসভার নির্ধারিত বিধি অনুসারে যাচাই-বাছাইয়ের পর অধ্যক্ষ তাঁর ইস্তফা গ্রহণ করেন।
অধ্যক্ষের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিধানসভার বিধি-২১ অনুযায়ী বিধায়ক স্বাক্ষরিত ইস্তফাপত্র জমা দেন। পরে বিধি-২২ অনুসারে প্রয়োজনীয় যাচাইয়ের পর ইস্তফাটি স্বেচ্ছায় এবং আইনসম্মতভাবে দেওয়া হয়েছে বলে নিশ্চিত হয়ে তা গ্রহণ করা হয়।
এম. আর. বিজয়ভাস্করের ইস্তফার আগে তামিলনাড়ু বিধানসভায় ছয়টি আসন শূন্য ছিল। তাঁর ইস্তফার পর সেই সংখ্যা বেড়ে সাতে পৌঁছেছে। ফলে আগামী দিনে উপনির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে তামিলনাড়ুর রাজনীতিতে একাধিক বিধায়কের ইস্তফা বিশেষভাবে আলোচিত হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব) – দুই কেন্দ্র থেকেই নির্বাচিত হওয়ার পর তিরুচিরাপল্লি (পূর্ব) কেন্দ্রের বিধায়ক পদ ছেড়ে দেন।
এছাড়া এআইএডিএমকে-র টিকিটে নির্বাচিত মাড়াগথম কুমারভেল (মাদুরান্তকম), এস. জয়কুমার (পেরুন্দুরাই) এবং পি. সত্যভামা (ধারাপুরম) গত ২৫ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তামিলগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-এ যোগ দেন। অম্বাসমুদ্রমের বিধায়ক ইসাক্কি সুব্বাইয়াও ২৬ মে ইস্তফা দিয়ে টিভিকে-তে যোগদানের ঘোষণা করেন।
এর আগে ১৬ জুন বিরালিমালাই কেন্দ্রের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সি. বিজয়ভাস্করও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। রাজনৈতিক সূত্রের দাবি, তিনিও শীঘ্রই টিভিকে-তে যোগ দিতে পারেন।
এম. আর. বিজয়ভাস্করের ইস্তফার পর তামিলনাড়ু বিধানসভায় এআইএডিএমকে-র বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৪১। ধারাবাহিকভাবে বিধায়কদের ইস্তফায় রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একইসঙ্গে সম্ভাব্য রাজনৈতিক পুনর্গঠন এবং আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে জল্পনা আরও তীব্র হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য