
গুয়াহাটি, ৩০ জুন (হি.স.) : অসম পুলিশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বড় সোনা উদ্ধারের ঘটনা সংঘটিত হয়েছে গুয়াহাটিতে। অসম পুলিশের এক সফল অভিযানে গুয়াহাটি মহানগরের খারঘুলি এলাকা থেকে ৩৭.০৬৪ কেজি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সোনাগুলির আনুমানিক বাজারমূল্য ৫৪ কোটি টাকার বেশি। এছাড়া ১৩ গ্রাম রূপার দানা ও ফ্লেকও উদ্ধার করেছে পুলিশ। সোনা ও রূপা পাচারের অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে মহারাষ্ট্রের সাংলি জেলার বাসিন্দা ৩২ বছর বয়সি অক্ষয় বানসোডে বলে পরিচয় পাওয়া গেছে।
গুয়াহাটি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লতাশিল থানার পুলিশ গতকাল সোম এবং আজ মঙ্গলবার (২৯ ও ৩০ জুন) মধ্যারাতে এই অভিযান চালিয়ে সাফল্য লাভ করেছে। গুয়াহাটির গান্ধীবস্তি এলাকায় অক্ষয় বানসোডের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ৩৭.০৬৪ কেজি সুবর্ণরঞ্জিত ধাতুর বার উদ্ধার করেছেন পুলিশের অভিযানকারীরা। প্ৰাথমিকভাবে সুবর্ণরঞ্জিত ধাতুর বারগুলিকে সোনা বলে নিশ্চিত হয়েছেন পুলিশের আধিকারিকরা। এই ঘটনায় লতাশিল থানায় অক্ষয় বানসোডের বিরুদ্ধে ৪২/২০২৬ নম্বরে মামলা রুজু করা হয়েছে।
সন্দেহভাজন সোনা ও রুপোর পাশাপাশি পুলিশ চারটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, নগদ ৩,৭৫৫ টাকা এবং সোনার বারগুলি গোপনে বহনের জন্য ব্যবহৃত কয়েকটি ব্যাগ বাজেয়াপ্ত করেছে।
প্রাথমিক তদন্তে গুয়াহাটি পুলিশ জানতে পেরেছে, এই চোরাচালান চক্রের আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে। তদন্তে মধ্যপ্রাচ্য ও মীয়ানমারের সঙ্গে সংযোগের পাশাপাশি মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরুর সঙ্গেও এই চক্রের যোগাযোগ থাকার ইঙ্গিত মিলেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সোনা ও রুপোর বৈধ মালিকানার কোনও নথি অভিযুক্ত দেখাতে পারেননি। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। বৃহত্তর সোনা পাচার চক্র, এর আর্থিক লেনদেন এবং পূর্ববর্তী চালানগুলির বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস