
ভোপাল, ৩০ জুন (হি.স.) : মধ্যপ্রদেশের আলোচিত অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং এবং তাঁর ছেলে তথা আইনজীবী সমর্থ (সার্থক) সিংয়ের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। তদন্তের স্বার্থে ডিজিটাল প্রমাণ সংগ্রহের জন্য অভিযুক্তদের ভয়েস স্যাম্পল সংগ্রহ এবং বাজেয়াপ্ত ল্যাপটপের পাসওয়ার্ড আদালতের মাধ্যমে পাওয়ার আবেদনও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।
মঙ্গলবার ভোপালের আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় সিবিআই বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর আবেদন জানায়। আদালত সমস্ত দিক বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ জুলাই।
মামলায় সিবিআই আরও দুটি পৃথক আবেদন জমা দিয়েছে। প্রথম আবেদনে তদন্তে প্রাপ্ত অডিও রেকর্ডিংয়ের সঙ্গে মিলিয়ে দেখার জন্য গিরিবালা সিং ও সমর্থ সিংয়ের ভয়েস স্যাম্পল সংগ্রহের অনুমতি চাওয়া হয়েছে। দ্বিতীয় আবেদনে জানানো হয়েছে, সমর্থ সিংয়ের কাছ থেকে বাজেয়াপ্ত ল্যাপটপটি সিএফএসএল, দিল্লিতে পরীক্ষার জন্য পাঠানো হলেও পাসওয়ার্ড-সুরক্ষিত থাকায় তার সম্পূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। তাই তদন্ত এগিয়ে নিয়ে যেতে আদালতের মাধ্যমে সমর্থ সিংকে পাসওয়ার্ড দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। এই দুই আবেদনের শুনানি আগামী ৩ জুলাই হবে। আদালত অভিযুক্তপক্ষকে ওই দিন পর্যন্ত জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
শুনানির সময় গিরিবালার আইনজীবী দাবি করেন, সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তাই তাঁকে সংশ্লিষ্ট থানার এলাকায় নিয়ে গিয়ে কী কী জিনিস চুরি হয়েছে, তা যাচাই করার অনুমতি দেওয়া হোক। সিবিআই এই আবেদনের তীব্র বিরোধিতা করে জানায়, চুরির ঘটনা এবং ত্বিশা শর্মার মৃত্যুর মামলা সম্পূর্ণ আলাদা বিষয়। ফলে এই মামলার শুনানিতে ওই বিষয়ে কোনও নির্দেশের প্রয়োজন নেই। আদালতও সিবিআইয়ের বক্তব্যে সহমত পোষণ করে জানায়, এ ধরনের দাবি থাকলে লিখিত আবেদন জমা দিতে হবে, মৌখিক আবেদনের ভিত্তিতে কোনও নির্দেশ দেওয়া হবে না। এরপর আদালত অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেয়।
এদিকে, গত ২৭-২৮ জুন রাতে গিরিবালা সিংয়ের ফাঁকা বাড়িতে চুরির ঘটনাও সামনে এসেছে। অভিযোগ, বাড়ির পিছনের দিক দিয়ে ঢুকে দুষ্কৃতীরা সোনার গয়না এবং গিরিবালা সিং ও সমর্থ সিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনি নথির ফাইল চুরি করার চেষ্টা করেছিল। সেই সময় বাড়িতে উপস্থিত গিরিবালার বড় ছেলে জানান, চোরেরা পিছনের দিক দিয়ে প্রবেশ করায় তিনি কিছুই টের পাননি। তবে টহলরত পুলিশের গাড়ির সাইরেন শুনে দুষ্কৃতীরা চুরির সামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দু'জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মঙ্গলবার আদালত চত্বরে ত্বিশা শর্মার বাবা নবনিধি শর্মা বলেন, ময়নাতদন্ত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিশ্লেষণ এখনও বাকি রয়েছে। ফরেন্সিক পরীক্ষাগার তাদের প্রোটোকল অনুযায়ী সমস্ত পরীক্ষার রিপোর্ট একসঙ্গে প্রকাশ করবে বলে জানিয়েছে। তাঁর আশা, তদন্ত দ্রুত সম্পূর্ণ হবে। তিনি আরও অভিযোগ করেন, তদন্ত চলাকালীন অভিযুক্তদের বাড়িতে চুরির ঘটনায় সন্দেহের অবকাশ রয়েছে। তাঁর কথায়, এই ঘটনাটি পরিকল্পিতও হতে পারে। আদালতেও আজ এমন ধারণা তৈরি হয়েছে যে, ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতেই হয়তো এই ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত, তা বড়সড় তদন্তের বিষয়।
ত্বিশা শর্মার পরিবারের আইনজীবী অঙ্কুর পাণ্ডে জানান, বিচারবিভাগীয় হেফাজত বাড়ানোর আবেদন আদালত মঞ্জুর করেছে। পাশাপাশি ভয়েস স্যাম্পল সংগ্রহ এবং পাসওয়ার্ড-সুরক্ষিত ল্যাপটপের তথ্য উদ্ধারের জন্য সমর্থ সিংয়ের কাছ থেকে পাসওয়ার্ড নেওয়ার আবেদনও সিবিআই করেছে, যাতে ডিজিটাল তথ্য উদ্ধার করে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য