
দুর্গাপুর, ২৯ জুন (হি.স.) : বাঁকুড়ার মেজিয়ার ব্যাঙ্কমিত্রা শিল্পা অগরওয়াল খুন মামলায় ঘটনার আট বছর পর অভিযুক্ত প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করল দুর্গাপুর মহকুমা আদালত। সোমবার অতিরিক্ত জেলা বিচারক (দ্বিতীয়) প্রশান্ত চৌধুরী এই রায় ঘোষণা করেন। মঙ্গলবার দোষীর সাজা ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি দুর্গাপুরের বেনাচিতির রূপালি অ্যাপার্টমেন্টের লিফটের সামনে একটি ট্রলি ব্যাগবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। পরে মৃতার পরিচয় জানা যায়, তিনি বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা শিল্পা অগরওয়াল (২৮)। তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেজিয়া শাখায় ব্যাঙ্কমিত্রা হিসেবে কর্মরত ছিলেন। একই শাখার ম্যানেজার ছিলেন রাজীব কুমার।
তদন্তে জানা যায়, ৯ ফেব্রুয়ারি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন শিল্পা। পরদিন তাঁর পরিবারের সদস্যরা মেজিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে শিল্পার মোবাইল ফোনের শেষ অবস্থান দুর্গাপুরের বেনাচিতি এলাকায় পাওয়া যায়। এরপর মেজিয়া থানার পুলিশ দুর্গাপুর থানার সঙ্গে যোগাযোগ করে অভিযান চালায়।
পুলিশ বেনাচিতির ওই বহুতলের চতুর্থ তলায় রাজীব কুমারের ভাড়া ফ্ল্যাট থেকে ট্রলি ব্যাগবন্দি অবস্থায় শিল্পার মৃতদেহ উদ্ধার করে। তদন্তে জানা যায়, মৃতদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ব্যাগের মধ্যে রাখা ছিল। পরিচয় গোপন করতে মুখ ভারী বস্তু দিয়ে থেঁতলে বিকৃত করা হয়েছিল এবং দুর্গন্ধ আটকাতে ব্যাগের ভিতরে ন্যাপথলিন রাখা হয়েছিল। ঘটনায় ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমারকে গ্রেফতার করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল দুর্গাপুর ও বাঁকুড়া জেলায়। তদন্তে আবাসনের সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট, বৈজ্ঞানিক প্রমাণ এবং একাধিক পরিস্থিতিগত তথ্য সংগ্রহ করে আদালতে পেশ করে পুলিশ। বিচারপর্বে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে প্রসিকিউশন পক্ষের উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং পরিস্থিতিগত প্রমাণ খতিয়ে দেখে সোমবার আদালত অভিযুক্ত রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার তাঁর সাজা ঘোষণা করা হবে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা