
বকো (অসম), ২৯ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশের আনজাও জেলায় কাজ করার সময় ভূমিধসে অকালে মৃত্যু হয়েছে অসমের কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বকো থানাধীন বনগাঁও বুড়িগাঁও গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সি রূপম রাভার। অরুণাচল প্রদেশের আনজাও জেলার ওয়ালং এলাকায় একটি পোকলেন (খননযন্ত্র) অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা গেছে, গতকাল রবিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ কর্মস্থলে কাজ করছিলেন রূপম রাভা। সে সময় হঠাৎ একটি বড় ভূমিধস নেমে আসে। পাথর ও মাটির ধ্বংসস্তূপে তাঁর চালানো যন্ত্রটি চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী এবং চার বছর বয়সি এক পুত্রসন্তানকে রেখে গেছেন।
রূপম রাভার অকাল মৃত্যুতে তাঁর নিজের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করে তাঁকে একজন পরিশ্রমী ও কর্মঠ মানুষ হিসেবে স্মরণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস