
নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): অপারেশন সিঁদুরে শহিদ ছয় সেনার নাম প্রকাশে ১৩ মাস দেরি হওয়ায় কেন্দ্র সরকার এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। সোমবার দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সেনাকর্মী বিভাগের সভাপতি কর্নেল (অব.) রোহিত চৌধুরী অভিযোগ করেন, প্রতিরক্ষামন্ত্রী সংসদে ভুল তথ্য দিয়েছিলেন এবং শহিদ সেনাদের যথাযথ সম্মান জানানো হয়নি।
রোহিত চৌধুরীর দাবি, সংসদে রাজনাথ সিং বলেছিলেন, অপারেশন সিঁদুরে কোনও সেনার ক্ষয়ক্ষতি হয়নি। অথচ পরে সরকার ছয় শহিদ সেনার নাম প্রকাশ করেছে। তাঁর অভিযোগ, শহিদদের নাম প্রকাশে ১৩ মাস বিলম্ব জাতীয় নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তুলছে।
তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে জানান, তাঁর বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হবে। পাশাপাশি সরকার ও শাসকদলের সাংসদদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি।
কংগ্রেসের অভিযোগ, অপারেশন চলাকালীন সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি এবং কেন্দ্রের বিদেশনীতি দুর্বল ছিল। এর ফলে পাকিস্তান আন্তর্জাতিক সংস্থাগুলির কাছ থেকে ঋণ পেয়েছে এবং সন্ত্রাসবাদ পর্যবেক্ষণের দায়িত্বও তাদের হাতে গিয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ‘অগ্নিবীর’ প্রকল্প বাতিলের দাবিও জানান।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকার অপারেশন সিঁদুরে কর্তব্যরত অবস্থায় শহিদ হওয়া ছয় সেনার নাম জাতীয় যুদ্ধ স্মারকের ‘রোল অব অনার’-এ অন্তর্ভুক্ত করেছে। গত ২৬ জুন নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’-এ তাঁদের নাম স্থায়ীভাবে খোদাই করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য