
কলকাতা, ২৯ জুন (হি.স.): আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতার হওয়া ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের জামিন মঞ্জুর করলেন আলিপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। সোমবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিনই আলিপুর আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই এই মামলা নয়া মোড় নেয়। আদালতে মামলা প্রত্যাহার করে নেন অভিযোগকারী। তাঁর আইনজীবীর তরফে জানানো হয়, অভিযোগকারীর সঙ্গে শামস ইকবালের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক। দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তার জন্য অভিযোগ জানান। নিজেদের মধ্যে সমঝোতা করে সেই অভিযোগ প্রত্যাহার করে নেন। সরকারি আইনজীবী অবশ্য জামিনের বিরোধিতা করেন। কিন্তু অভিযোগকারী মীমাংসার প্রস্তাব দেওয়ায় বিচারক অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন বলে আদালত সূত্রে খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ