
পূর্ব বর্ধমান, ২৯ জুন (হি.স.): পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। এবার এক তৃণমূল নেতার গায়ে ডিম, নর্দমার নোংরা জল এবং গোবর ছোড়ার ঘটনা ঘটল। সোমবার বেলায় পূর্বস্থলীর নসরৎপুর পঞ্চায়েতের উপপ্রধান মোবিল হোসেন মণ্ডলের ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার অন্যান্য দিনের মতোই পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন নসরৎপুর পঞ্চায়েতের উপপ্রধান মোবিল হোসেন মণ্ডল। বেলার দিকে আচমকাই বেশ কয়েকজন গ্রামবাসী পঞ্চায়েত অফিসে চড়াও হয়। উত্তেজিত জনতা উপপ্রধানকে জোর করে পঞ্চায়েত অফিস থেকে বাইরে বের করে আনে। এরপর তাঁকে রাস্তায় ফেলে মারধর করা শুরু হয়। অভিযোগ, মারধরের পরই ক্ষান্ত হয়নি বিক্ষোভকারীরা, মোবিল হোসেন মণ্ডলকে লক্ষ্য করে দেদার ডিম, নর্দমার নোংরা জল এবং গোবর ছুড়তে থাকে তারা। গায়ে গোবর ছেটানো, নর্দমার জল ছোড়া এবং মারধরের ঘটনা প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল উপপ্রধান মোবিল হোসেন মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ