
ধর্মনগর (ত্রিপুরা), ২৯ জুন (হি.স.) : উত্তর ত্রিপুরার দামছড়ায় পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকার মাদক ট্যাবলেট ইয়াবা। মাদক পাচারের জড়িত অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দক্ষিণ অসমের কাছাড় জেলান্তৰ্গত শিলকুড়ির বাসিন্দা জনৈক অনুপ নুনিয়াকে।
উত্তর ত্রিপুরা জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে দামছড়ায় প্ৰশাসনিক ম্যাজিস্ট্ৰেট, মহকুমা পুলিশ আধিকারিক, ফরেনসিক টিমের কর্মীদের উপস্থিতিতে নাকা পয়েন্ট গড়ে তালাশি অভিযান চালানো হচ্ছিল। মধ্য রাতে মেঘালয়ের পূর্ব খাসি জেলার (শিলং) রেজিস্ট্রিকৃত এমএল ০৫ এএ ০৬৪৪ নম্বরের একটি মারুতি অল্টো কারের গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। গাড়িতে কৌশলে তৈরি কয়েকটি গোপন চেম্বার দেড় লক্ষের বেশি নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযানকারীরা। উদ্ধারকৃত ইয়াবাগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে সাড়ে সাত কোটি টাকা।
পুলিশ সূত্র জানিয়েছে, মাদক পাচারে জড়িত অভিযোগে গাড়ির চালক অনুপ নুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত গাড়ি চালকের বাড়ি কাছাড় জেলার অন্তর্গত শিলকুড়ি (অসম) এলাকায়। অনুপ নুনিয়ার বিরুদ্ধে দামছড়া থানায় এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস