
নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): মঙ্গোলিয়ার উলানবাটারে অনুষ্ঠিত বহুজাতিক শান্তিরক্ষা সামরিক মহড়া ‘খান কোয়েস্ট’-এ অংশ নিয়ে অপারেশনাল প্রস্তুতি, কৌশলগত দক্ষতা ও সমন্বিত যুদ্ধক্ষমতার প্রদর্শন করল ভারতীয় সেনাবাহিনী।
উলানবাটারের ফাইভ হিলস ট্রেনিং এরিয়ায় ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় জাট রেজিমেন্টের নেতৃত্বে ভারতীয় সেনার ৪০ জন সদস্যের একটি দল অংশ নিচ্ছে। ১৮ জুন ভারতীয় দলটি মহড়ায় যোগ দিতে রওনা হয়েছিল।
২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও মঙ্গোলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক উদ্যোগ হিসেবে ‘খান কোয়েস্ট’ মহড়ার সূচনা হয়। ২০০৬ সাল থেকে এটি বহুজাতিক শান্তিরক্ষা মহড়ায় পরিণত হয়েছে। এবারের সংস্করণটি ২৩–তম।
জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের অধীনে বহুজাতিক পরিবেশে শান্তিরক্ষা ও শান্তি-সহায়ক অভিযানে অংশগ্রহণকারী বাহিনীগুলির আন্তঃসমন্বয় ও প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার মূল লক্ষ্য। মহড়ায় যৌথ পরিকল্পনা, টহল, কর্ডন ও সার্চ অপারেশন, শত্রুপ্রবণ এলাকা থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা, তাৎক্ষণিক বিস্ফোরক মোকাবিলা, যুদ্ধক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা এবং আহতদের উদ্ধার সংক্রান্ত অনুশীলন করা হচ্ছে।
ভারত ও আমেরিকা-সহ মোট ১৮টি দেশের প্রায় এক হাজার সেনা এই মহড়ায় অংশগ্রহণ করছে। ভারতীয় দলে জাট রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের পাশাপাশি অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মহড়ায় অংশগ্রহণ বিশ্বশান্তির প্রতি ভারতের অঙ্গীকার এবং মঙ্গোলিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রতিফলন। পাশাপাশি যৌথ সামরিক অভিযানের কৌশল, প্রযুক্তি ও পদ্ধতি ভাগ করে নেওয়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলির সেনাদের মধ্যে পারস্পরিক সমন্বয়, অপারেশনাল সক্ষমতা এবং সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য