মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে মাওবাদীদের গোপন অস্ত্র কারখানা গুঁড়িয়ে দিল যৌথবাহিনী
মুম্বই, ২৯ জুন (হি.স.) : মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তবর্তী বালবেড়া জঙ্গলে মাওবাদীদের একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির যন্ত্রপাতি উদ্ধ
মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে মাওবাদীদের গোপন অস্ত্র কারখানা গুঁড়িয়ে দিল যৌথবাহিনী


মুম্বই, ২৯ জুন (হি.স.) : মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তবর্তী বালবেড়া জঙ্গলে মাওবাদীদের একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে গড়চিরোলি পুলিশ ও সিআরপিএফ। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির যন্ত্রপাতি উদ্ধার হয়েছে।

পুলিশ সুপার এম. রমেশ সোমবার জানান, কয়েক দিন আগে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে ওই জঙ্গলে মাওবাদীদের একটি গোপন ঘাঁটির খবর পাওয়া যায়। এরপর যৌথবাহিনী অভিযান চালিয়ে মাটির নিচে তৈরি অস্ত্র কারখানার সন্ধান পায়। সেখানে ৫-৬ টনের একটি লেদ মেশিন, প্রায় ১৫০টি ক্লেমোর ও বিএজিএল পাইপ, ২২০টি ১২-বোর বন্দুকের ব্যারেল, ২০টি রাইফেলের রড মেটাল স্ট্রিপ এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার হয়।

দুর্গম এলাকার কারণে ভারী যন্ত্রপাতি বাইরে নিয়ে আসা সম্ভব না হওয়ায়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে ঘটনাস্থলেই সেগুলি ধ্বংস করে দেওয়া হয়।

পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর উপর হামলার উদ্দেশ্যে, বিশেষ করে নির্বাচন এবং মাওবাদীদের বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে এই কারখানায় অস্ত্র তৈরি ও মজুত করা হত। গড়চিরোলিতে ধারাবাহিক নকশালবিরোধী অভিযানের ফলে এলাকায় মাওবাদীদের সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

পুলিশ সুপার এম. রমেশের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে সি-৬০ কমান্ডো, প্রাণহিতা স্কোয়াড, বোমা শনাক্তকরণ ও বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী (বিডিডিএস), এসআরপিএফ-সহ নিরাপত্তা বাহিনীর ছয়টি যৌথ দল অংশ নেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande