
মুম্বই, ২৯ জুন (হি.স.) : মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মূল অভিযুক্তকে সোমবার থাণের ভিওয়ান্ডির একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
তদন্তকারী পুলিশ জানিয়েছে, এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি ভিন্ রাজ্য চক্র জড়িত থাকার প্রমাণ মিলেছে। সেই সূত্রে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ ও বিহারে একাধিক তদন্তকারী দল পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পাঁচজনের নাম সামনে এসেছে। এর মধ্যে বিহারের রাজীব কুমার ও আকাশ কুমার এবং হরিয়ানার ধীরজ সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হরিয়ানার বাসিন্দা দহিয়া ও বলিন্দর সিং নামে আরও দুই অভিযুক্ত এখনও পলাতক।
পুলিশের দাবি, পুণে-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রশ্নপত্র বিক্রির জন্য একাধিক গোষ্ঠী সমন্বয় করে কাজ করছিল। তদন্তে জানা গিয়েছে, প্রতিটি ফাঁস হওয়া প্রশ্নপত্র ২ থেকে ৩ লক্ষ টাকায় বিক্রির পরিকল্পনা ছিল। এই চক্রের মোট লেনদেন প্রায় দেড় কোটি টাকায় পৌঁছতে পারত বলে অনুমান তদন্তকারীদের।
অভিযুক্তদের মোবাইল ফোন, ডিজিটাল তথ্য, আর্থিক লেনদেন ও পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের অতীত অপরাধমূলক রেকর্ডও যাচাই করছে পুলিশ।
উল্লেখ্য, ২৭ জুন ভিওয়ান্ডির কোঙ্গাঁও এলাকার একটি হোটেলে তিন ব্যক্তি প্রশ্নপত্র নিয়ে অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর পান পুলিশ। এরপর হোটেলে হানা দিয়ে চার সেট টেট প্রশ্নপত্র উদ্ধার করা হয়। শিক্ষা দফতরের আধিকারিকরা পরীক্ষা করে নিশ্চিত করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য