
শ্রীভূমি (অসম), ২৯ জুন (হি.স.) : শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার শ্রীভূমি জেলা সফরে এসেছেন কৌশিক রায়। জেলাশাসকের কার্যালয়ে সভাকক্ষে জেলার সার্বিক উন্নয়ন সম্পর্কিত এক উচ্চস্তরের পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী কৌশিক। পর্যালোচনা বৈঠকে ছিলেন আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দুই বিধায়ক বিজয় মালাকার ও জাকারিয়া আহমেদ, জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লিনা দোলে, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, পুরপতি রবীন্দ্র দেব সহ বিভিন্ন বিভাগের আধিকারিকগণ।
বৈঠকে শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে একটি মাস্টার ড্রেনেজ প্রকল্প প্রণয়নের জন্য টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিকল্পিত নগর-উন্নয়নের স্বার্থে শহরের মাস্টার প্ল্যান দ্রুত সম্পন্ন করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া জেলার প্রতিটি স্থানীয় স্বশাসিত সংস্থায় চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও গণবণ্টন, লোকনির্মাণ, জনস্বাস্থ্য কারিগরি, কৃষি, বিদ্যুৎ সহ বিভিন্ন বিভাগের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে বৈঠকে।
পর্যালোচনা বৈঠকে কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে শ্রীভূমির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি প্রতিটি সরকারি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। প্রশাসন ও বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার উন্নয়নকে আরও গতিশীল করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অভিভাবক মন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক প্রকল্পগুলির নিয়মিত পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে মাঠপর্যায়েও কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে। শ্রীভূমিকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সরকার ও প্রশাসন একযোগে কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস